ক্যানা লিলি ফুলের সৌন্দর্য
প্রকৃতির রঙের ভাণ্ডারে হলুদ একটি বিশেষ অনুভূতির নাম। আর সেই হলুদের উজ্জ্বল প্রকাশ যদি কোনো ফুলের মাধ্যমে ফুটে ওঠে, তাহলে তা মুহূর্তেই মনকে প্রশান্ত করে তোলে। একটা জলাশয়ের ধারে চোখে পড়েছিলো এই অপূর্ব হলুদ ফুলগুলো। এই ফুলটির সাধারণ নাম ক্যানা লিলি। যদিও নামের মধ্যে “লিলি” শব্দটি রয়েছে, কিন্ত এটি প্রকৃত অর্থে লিলি পরিবারের ফুল নয়। তবে এর গঠন ও সৌন্দর্যের কারণে একে লিলির সঙ্গে তুলনা করা হয়ে থাকে। এই ফুলটির বৈজ্ঞানিক নাম হলো "Canna indica"। ক্যানা লিলির উৎপত্তি মূলত দক্ষিণ আমেরিকা ও মধ্য আমেরিকার অঞ্চলের দিকে। তবে বর্তমানে এটি পৃথিবীর বিভিন্ন দেশে শৌখিন উদ্যান, পার্ক, রাস্তার ধারে এবং জলাশয়ের আশেপাশে ব্যাপকভাবে চাষ করা হয়। এই ফুল ভারত, বাংলাদেশ সহ উপমহাদেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় এই ফুল খুব ভালোভাবে জন্মায়।
ক্যানা লিলি গাছ সাধারণত মাঝারি থেকে লম্বা আকৃতির হয়। এর পাতাগুলো বড়, সবুজ ও কলাপাতার মতো দেখতে হয়। ফুলগুলো উজ্জ্বল রঙের হয়- বিশেষ করে হলুদ, লাল, কমলা এবং গোলাপি রঙে বেশি দেখা যায়। ক্যানা লিলি শুধু সৌন্দর্যের জন্যই নয়, পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ। এই ফুলে মৌমাছি, প্রজাপতি ও বিভিন্ন পোকা মাকড় আসে, যা পরাগায়নে সহায়তা করে। ফলে আশেপাশের জীববৈচিত্র্য বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্ষার মেঘলা আবহাওয়ায় এই ফুলের রঙ আরও বেশি উজ্জ্বল দেখায় এবং পাপড়িগুলোকে যেন আরও কোমল ও প্রাণবন্ত করে তোলে। ক্যানা লিলি ঠিক তেমনই একটি ফুল- যার উজ্জ্বল রঙ, কোমল গঠন এবং প্রাকৃতিক উপস্থিতি চারপাশকে প্রাণবন্ত করে তোলে।


