উত্তরের অপেক্ষায়।

in আমার বাংলা ব্লগ19 hours ago

33305.png

এখন তো আর পত্রিকা খুলে তেমন কিছু দেখার প্রয়োজন হয় না। যা জানার বা দেখার—তা অধিকাংশ মানুষই সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই দেখে।

মতের অমিল থাকবে, ভিন্ন মত পোষণ হবে—এটাই স্বাভাবিক। তবে তারচেয়েও জরুরি হলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নির্ভয়ে, নিরপেক্ষভাবে এবং যুক্তির আলোকে জনসম্মুখে তুলে ধরা।

একটা প্রশ্ন বহুদিন ধরে বিবেককে নাড়া দিচ্ছে।
এই যে আমরা সুযোগ পেলেই "কৃতি সন্তান" শব্দটি এত উদারভাবে ব্যবহার করি, যেন পদ-পদবিই যোগ্যতার একমাত্র মাপকাঠি। কিন্তু প্রকৃত অর্থে বলুন তো, কৃতি সন্তান আসলে কারা?

ধরুন,
আপনার এলাকার কেউ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কেউ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে, কেউ আবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদে। সমাজ তাদের কাঁধে মুহূর্তের মধ্যে "কৃতি সন্তান"-এর তকমা ঝুলিয়ে দিবে!

কিন্তু প্রশ্ন হলো—কৃতিত্বের পরিচয় কি শুধু পদবিতে, নাকি চরিত্রেও?

যদি তারাই সমাজের কৃতি সন্তান হয়ে থাকেন, তাহলে ঋণখেলাপি, অর্থপাচার, সিন্ডিকেট, দুর্নীতি, লুটপাট, শোষণ, ক্ষমতার অপব্যবহার আর মাফিয়াতন্ত্রের খাতায় কৃষক, দিনমজুর কিংবা খেটে খাওয়া সাধারণ মানুষের নাম কেন খুঁজে পাওয়া যায় না?

যারা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখে, তারা কখনো হাজার কোটি টাকা পাচার করে না। ব্যাংক লুট করে না। সিন্ডিকেট গড়ে মানুষের পকেট কাটে না। রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে না। অথচ সম্মানের মঞ্চে তাদের স্থান সবচেয়ে পেছনে।

তাহলে প্রশ্ন থেকেই যায়—
প্রকৃত কৃতি সন্তান কি সেই ব্যক্তি, যার পদ আছে কিন্তু বিবেক নেই? নাকি সেই কৃষক, সেই শ্রমিক, সেই দিনমজুর, যার ঘামে দেশ বেঁচে থাকে, অথচ যার নাম কোনো সম্মাননাপত্রে লেখা থাকে না?

আপনার উত্তরের অপেক্ষায় …...!!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65005.43
ETH 1865.74
USDT 1.00
SBD 0.39