অনুপস্থিত

in আমার বাংলা ব্লগyesterday (edited)

33591.jpg
source

এই শহরের কাদামাটি আর জল মেখেই বেড়ে ওঠা। শৈশব, কৈশোর, যৌবন—এমনকি পেশাজীবনের প্রতিটি অধ্যায়ও লেখা হয়েছে এই শহরের বুকেই।

অথচ জীবনের এতগুলো বছর পেরিয়ে আজ যখন শহরটার দিকে একটু মনোযোগ দিয়ে তাকাই, তখন মনে হয়—এ শহরে অনেক কিছু বদলেছে, আরও বদলাবে। নতুন রাস্তা হবে, নতুন দালান উঠবে, নতুন মানুষ আসবে। শুধু মাঝখান থেকে আমার স্মৃতিগুলো একে একে মুছে যাবে।

স্মৃতিগুলোকে আগলে রাখার মতো কেউ নেই। কাউকে ডেকে বলার সুযোগও নেই যে—"এসো, স্মৃতিগুলো হারিয়ে যাওয়ার আগেই একটু ধরে রাখি।"

বন্ধুত্বের দোহাই দিয়ে যে হাতগুলো একদিন শক্ত করে ধরেছিল, তারা অনেক আগেই নিঃশব্দে হাত ছেড়েছে। যেসব ছোট ভাইকে স্নেহের নির্মল বলয়ে আগলে রাখতে চেয়েছিলাম, কিংবা যেসব বড় ভাইয়ের ছায়া অনায়াসেই পেয়ে যেতাম, তাদের সঙ্গেও আজ দূরত্বের এমন এক দেয়াল দাঁড়িয়ে গেছে, যার কোনো দরজা নেই।

অথচ কিছুই একদিনে হয়নি। ভাঙন কখনো শব্দ করে নামে না। সবকিছু হয়েছে ধীরে ধীরে, এতটাই নিঃশব্দে যে পরিবর্তনের শব্দ পর্যন্ত কানে পৌঁছায়নি।

তারপর একদিন হঠাৎ করে পিছনে ফিরে তাকিয়ে দেখি, মানুষগুলো একই আছে, শুধু সম্পর্কগুলো আর আগের জায়গায় নেই। তখন বুঝলাম—এই শহর আসলে ইট-পাথরের শহর নয়; এই শহর দূরত্বের শহর। যা বুঝতে আমার বড্ড বেশি দেরি হয়েছে।

গতকাল টানা কয়েক ঘণ্টা এই শহরের বুক চষে বেড়িয়েছি। পুরোনো অলিগলি, চেনা মোড়, পরিচিত পথ—সবকিছুর কাছে ফিরে গিয়েছি। যত্ন করে স্তূপ করে রাখা স্মৃতির ভাঁজগুলো একে একে খুলেছি। বিড়বিড় করে তাদের সঙ্গে কথাও বলেছি। ভেবেছিলাম, কোথাও হয়তো একটু প্রশান্তি পাবো, তবে তা আর ভাগ্যে জোটেনি ।

রাস্তাগুলো আরও প্রশস্ত হয়েছে। মাথার ওপর উঠে গেছে সুবিশাল ফ্লাইওভার। চারদিকে কংক্রিটের অট্টালিকা, অসংখ্য মানুষের ব্যস্ত পদচারণা, সময়ের অবিরাম দৌড়। শহর থেমে নেই; বরং আগের চেয়ে আরও দ্রুত ছুটছে। সবই আছে। শুধু মাঝখান থেকে যেন আমিটাই অনুপস্থিত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37